শ্রীপুরে ঘরে আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

ঘরে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

শ্রীপুরে ঘরে আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুরে একটি টিনশেড ঘরে আগুন লেগে দগ্ধ হওয়া দেলোয়ার হোসেন (১৮) নামের এক তরুণ হাসপাতালে মারা গেছেন। 

রবিবার (৪ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার রাতে উপজেলার সাঁটিয়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, আগুন লাগার পর ঘরের ভেতর থেকে চিৎকার শুনে তারা সেখানে ছুটে যান এবং দেলোয়ারকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দেলোয়ারের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। তার বাবার নাম বধূ মিয়া। পরিবারের সঙ্গে তিনি সাঁটিয়াবাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের বক্তব্য অনুযায়ী, যে ঘরে আগুন লেগেছিল, সেটি সাঁটিয়াবাড়ির হুরমত আলী শেখের তৈরি। চাচাতো ভাই ফাইজুদ্দিন ও তার পরিবারের সঙ্গে একটি জমি নিয়ে হুরমত আলীর বিরোধ চলছিল। ওই জমি পাহারা দিতেই তিনি টিনশেড ঘরটি তোলেন এবং প্রতি রাতে সেখানে থাকতেন।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ঘরে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে দেলোয়ার ওই ঘরে কীভাবে গেলেন, তা এখনো পরিষ্কার নয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আগুন লাগার কারণ খুঁজে বের করতে ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।