গাজীপুর কণ্ঠ ডেস্ক
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক ও মহানগরের নাওজোড় মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, তারা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে বিক্ষোভের আশঙ্কায় জেলার ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, সকাল আটটার কিছু আগে মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং এতে কোনো সংঘাত হয়নি।
এর প্রায় দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে নয়টার দিকে নাওজোড় মোড়ে দিগন্ত সোয়েটার কারখানার সামনে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিক্ষোভকারীরা গাড়ির পরিত্যক্ত টায়ার ও আশপাশের বর্জ্য মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন। এর ফলে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অবরোধের সময় কিছু শ্রমিককে মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা গেছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে আন্দোলনকারীরা বাধা দেন।
নাওজোড়ের ঘটনা নিয়ে এসপি আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, “গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।”

তিনি আরও জানান, যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকার ৫০টি তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছে। ফলে ওই কারখানাগুলোর শ্রমিকেরা কাজে যোগ দিতে পারেননি।