বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিপুল পরিমাণ মাদকসহ গাজীপুর মহানগরীর বাসন থেকে চোরাকারবারি দলের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, গোপন তথ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসন থানার ওয়্যারলেস গেইট টু বিআরটিসি ডিপো রোডের টিএন্ডটি অফিসের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-  হলেন- জামালপুরে ইসলামপুর থানার গাওকুরা এলাকার ফারাক হোসেন (৩৭), নেত্রকোণা সদরের কাটলী এলাকার শফিকুল ইসলাম ওরফে রমজান (২৯), সিরাজগঞ্জের শাহাদাৎপুর থানার দারিয়াপুর এলাকার আক্তারা বেগম (২৮) এবং টাঙ্গাইলের কালীহাতী থানার কোকডহরা এলাকার গৌতম চন্দ্র শীল (৩২)।

র‌্যাব-১ এর অধিনায়ক জানান, অভিযানে তাদের কাছ থেকে ৭ হাজার ৫৮৫ ইয়াবা, ২১ ক্যান বিয়ার, ২৩ বোতল ফেনসিডিল, ৯ মোবাইল, এসব কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ১ লাখ ৬০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সংঘবদ্ধ মাদক চোরাকারবারি দলের সদস্য। অনেক দিন থেকে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে আকাশ পথে, ট্রেনে ও সড়ক পথে ইয়াবাসহ বিভিন্ন মাদক এনে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছে।

তিনি আরো জানান, কৌশল হিসেবে তারা ৫০টি করে ইয়াবা কনডমের ভেতরে ঢুকিয়ে স্কচটেপে মুড়িয়ে গিলে পেটে ভেতরে রাখে। পরে তা ঢাকায় এনে পায়ুপথে বের করে নেয় বলে স্বীকার করে তারা।