সারে বিএনপি নেতা ও স্বজনদের দাপট, নতুন ডিলার তালিকায় গৃহিণীরাও

মেলান্দহে ১৩ জনের ছয়জনই নেতাদের স্ত্রী; লক্ষ্মীপুরে ৫৭ জনের ৪৫ জন দলীয় নেতা-কর্মী; লেনদেন ও তদবিরের অভিযোগ

সারে বিএনপি নেতা ও স্বজনদের দাপট, নতুন ডিলার তালিকায় গৃহিণীরাও

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সার বিতরণের দীর্ঘদিনের ডিলার ব্যবস্থা ভেঙে সারা দেশে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, নিয়োগপ্রাপ্তদের বড় অংশই বিএনপির নেতা, কর্মী কিংবা তাদের স্বজন। এতে দলের ভেতরেই ক্ষোভ তৈরি হয়েছে।

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জামালপুরের মেলান্দহ উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৩ জন ডিলারের ছয়জনই স্থানীয় বিএনপি নেতাদের স্ত্রী। তাদের কারও আগে ব্যবসার অভিজ্ঞতা ছিল না, সবাই গৃহিণী হিসেবে পরিচিত।

এই ছয়জন হলেন পৌর বিএনপির সভাপতি মনোয়ার হালদারের স্ত্রী খাদিজা পারভীন, নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকের হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার, নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বেলালের স্ত্রী ফরিদা পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুরের স্ত্রী রোকসানা কবির, ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারেজ সরকারের স্ত্রী মোসাম্মৎ শেফালী বেগম এবং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি।

ব্যবসায় আসা নিয়ে প্রশ্নে তাদের কেউ সাড়া দেননি। টাইমস ও অন্যান্য গণমাধ্যম বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা মন্তব্য করতে রাজি হননি, কেউ কেউ ফোন বন্ধ রেখেছেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান বলেন, “আবেদনকারীরা প্রতারিত হয়েছেন। যাচাই-বাছাই কমিটি সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিয়েছে। বেশির ভাগ ডিলার কোনো নিয়মনীতি না মেনেই নিয়োগ পেয়েছেন।” উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রউফ বলেন, “মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই।”

নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ হয়েছে, আর একাধিক পৌরসভা মিলিয়ে একজন। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিটি বিতরণকেন্দ্রের জন্য তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠায়, মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ দেয়।

সারের সাম্প্রতিক সংকট এবং সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগের মধ্যে এই নিয়োগ আলোচনায় এসেছে। ডিলাররা প্রতি কেজিতে তিন টাকা কমিশন পান, তবে গুদামভাড়া, পরিবহন, শ্রমিক ও নিরাপত্তাসহ অন্যান্য খরচ তাঁদেরই বহন করতে হয়। আতরাই উপজেলার আহসানগঞ্জের ডিলার বীরেন্দ্রনাথ দাস বলেন, এই কমিশনে খরচ মেটানো সম্ভব নয়।

নওগাঁর বদলগাছীর এক নতুন ডিলার টাইমসকে বলেন, নির্ধারিত কমিশনে ব্যবসা করা কঠিন। তিনি আরও বলেন, “কিন্তু সরকার নির্ধারিত দাম কজন মানছে?” ডিলারশিপ কীভাবে পেলেন জানতে চাইলে তিনি বলেন, “ডিলারশিপ পাওয়া মোটেও সহজ নয়। বিভিন্ন স্তরে যোগাযোগ ও তদবির করতে হয়েছে। অনেককে সন্তুষ্ট করতে লেনদেনও করতে হয়েছে।”

নওগাঁর রাণীনগরের এক সাবেক ডিলার জানান, বোরো ও আমন মৌসুমে প্রতিটি ইউনিয়নে মাসে ৫ হাজার থেকে ১০ হাজার বস্তা (২৫০ থেকে ৫০০ টন) সার আসে। অন্য মৌসুমে আসে ১ হাজার থেকে ২ হাজার বস্তা (৫০ থেকে ১০০ টন)। গত মৌসুমে তাঁর ইউনিয়নে ১০ হাজার বস্তা এসেছিল। প্রতি বস্তায় ২০০ টাকা বেশি নিলে বাড়তি আয় হতো ২০ লাখ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বড় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের উপস্থাপন করে ডিলাররা ব্যাংকঋণ পেতে পারেন। কেউ কেউ নির্ধারিত দামের বেশি নিয়ে এবং এক উপজেলা বা জেলা থেকে অন্যত্র সার সরিয়ে বাড়তি মুনাফা করেন বলেও তাদের অভিযোগ।

লক্ষ্মীপুরে নিয়োগ পাওয়া ৫৭ জনের মধ্যে ৪৫ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, যা ৭৯ শতাংশ। বাকিদের মধ্যেও রয়েছেন দলীয় কর্মী ও নেতাদের স্বজন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, “গত ১৭ বছর দলের নেতা-কর্মীরা সার ডিলারশিপসহ নানা সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। দল ক্ষমতায় আসার পর অনেকে এখন ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণেই তাঁরা ডিলারশিপের জন্য আবেদন করেছেন।”

সরকারি নীতিমালায় সার ব্যবসার সঙ্গে আগে থেকে জড়িতদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুরে নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকেরই এ ব্যবসার অভিজ্ঞতা নেই। সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে যুবদল সভাপতি জাকের হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান, যা রড, সিমেন্ট ও নারকেলের ব্যবসা করে।

কমলনগরের চরমার্টিন ইউনিয়নের যুবদল নেতা তারিক রহমান বলেন, “যারা মনোনয়ন পেয়েছেন, তাঁদের গুদাম নেই, সার বিক্রির অভিজ্ঞতাও নেই। ফলে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন।” কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “আগে কখনো সার ব্যবসায় জড়িত ছিলাম না। নতুন ব্যবসা শুরু করলে দোষ কী?”

রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ পৌর এলাকার ডিলার হয়েছেন। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল পাটোয়ারী নিয়োগ পেয়েছেন নোয়াগাঁও ইউনিয়নে। করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব এবং ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদও তালিকায় আছেন।

চন্দ্রগঞ্জ বাজারের দীর্ঘদিনের সার বিক্রেতা মোহাম্মদ শোভন, যিনি তালিকা থেকে বাদ পড়েছেন, টাইমসকে বলেন, “কেন বাদ পড়লাম জানি না। বিএনপি করলে হয়তো ডিলার হতে পারতাম।” চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দীর্ঘদিনের ডিলার জসিম উদ্দিন বলেন, “কেন নিয়োগ পাইনি, জানি না।”

নওগাঁর ৯৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় একজন করে ডিলার নিয়োগ হয়েছে। অনেকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।

বদলগাছী উপজেলায় বদলগাছী ইউনিয়নের মো. মোয়াজ্জেম হোসেন যুবদলের সভাপতি, পাহাড়পুরের মো. বাবুল হোসেন স্থানীয় বিএনপির সাবেক সহসভাপতি। মথুরাপুরের এমএম হাসান মণ্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি, মিঠাপুরের মো. মেহেদী হাসান উপজেলা কৃষক দলের সহসভাপতি, কোলার মো. জামিল হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। জামিল হোসেন স্থানীয়ভাবে মাছের আড়তদার ও দন্তচিকিৎসক হিসেবে পরিচিত। আধাইপুরের মো. রবিউল ইসলাম ও বালুভরার মো. সালাম হোসেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। রবিউল দাবি করেন, তিনি নিয়ম মেনে, কোনো প্রভাব না খাটিয়ে নিয়োগ পেয়েছেন।

যাচাই-বাছাই কমিটির সদস্য ও বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, যাচাইয়ের সময় কমিটির সদস্যরা আবেদনকারীদের রাজনৈতিক পরিচয় জানতেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছন্নী বলেন, “যাচাই-বাছাইয়ের পর লটারির মাধ্যমে প্রতি ইউনিয়ন থেকে তিনজন আবেদনকারীর নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

পত্নীতলা উপজেলায় পত্নীতলা ইউনিয়নের মো. এমরান হোসেন স্থানীয় কৃষক দলের সভাপতি। মাধাইলের মো. তারেক আজিজের মা নাদিরা মেম্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, দিবরের মো. মিজানুর রহমান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আকবরপুরের হারুন-অর-রশিদ মণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি।

নিয়ামতপুর উপজেলার তালিকায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ভাই, ভাতিজা ও বোনের ছেলের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের নাম আছে। সদর ইউনিয়নে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্যের চাচাতো বোন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আঞ্জুমান পাভেলের বাবা আবুল হোসেন সোনার। শ্রীমন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জান্নাতুন হাওয়াও নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন।

সরকারি নীতিমালায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের নিকটাত্মীয়দের ডিলার হওয়ার সুযোগ নেই। তবে হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সালেহা বেগম মহিলা কলেজের এমপিওভুক্ত শিক্ষক অনিচুরের স্ত্রী আনোয়ারা নাসরিন নিয়োগ পেয়েছেন। তাঁর মেয়ে সরকারি চাকরিজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চাঁদপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বড় ভাই ওয়ার্ড-৮-এর বাসিন্দা আবদুল লতিফ তালিকার ১, ২ ও ৩ নম্বর ক্রমে নিয়োগ পেয়েছেন, যা নীতিমালা লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতির ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনার ভগ্নিপতি এহসান রেজাও নিয়োগ পেয়েছেন।

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে ডিলার হয়েছেন জেলা বিএনপির সভাপতির ভগ্নিপতির স্ত্রী সুরমা হাসান। শিমলা-রোকনপুর ইউনিয়নে নিয়োগ পেয়েছেন সভাপতির চাচাতো ভাইয়ের ভগ্নিপতি নাজমুল হক মিশু।

মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবির হোসেন উদ্দিন বিশ্বাস অনিয়মের অভিযোগ তুলে বলেন, “উপজেলা বিএনপির সভাপতি আমার কাছে পাঁচ প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছিলেন। আমি সুনির্দিষ্ট তথ্য দিয়েছিলাম। কিন্তু সবকিছু জেলা পর্যায় থেকে নিয়ন্ত্রিত হওয়ায় দলের নিবেদিত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন।”

সূত্র: টাইমস