গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি সাফল্যের আড়ালে আয়ে সংসার চালাতে না পেরে খাবার ও চিকিৎসায় ব্যয় কমিয়ে দিচ্ছেন অনেক শ্রমিক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা (২৪২ দশমিক ৮২ ডলার) করার দাবিতে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেন। কিছু ক্ষেত্রে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও শব্দ গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকশ কারখানা বন্ধ হয়ে যায়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মজুরি বোর্ড ৪ নভেম্বর ডিসেম্বর থেকে সংশোধিত মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয়েছে। নতুন কাঠামোর আওতায় শ্রমিকেরা জানুয়ারিতে প্রথম বেতন পাবেন। তবে মজুরি কতটা বাড়বে, তা এখনো নির্ধারিত হয়নি।
অন্যদিকে মালিকপক্ষের বক্তব্য, মজুরি বড় অঙ্কে বাড়ালে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের ব্যয়সুবিধা কমে যাবে। জ্বালানি খরচ বাড়ায় মুনাফার হার আগে থেকেই চাপে আছে বলেও তারা জানান। মালিকেরা বলছেন, মূল মজুরির বাইরে শ্রমিকেরা বছরে ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব ভাতা পান। ফলে মজুরি বাড়ানোর সুযোগ সীমিত।

চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো বৈশ্বিক ব্র্যান্ডের পছন্দের উৎপাদনকেন্দ্র এটি। রয়টার্স জানায়, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে, কর্মসংস্থান হয়েছে ৪০ লাখের বেশি মানুষের।
গাজীপুরের একটি কারখানার শ্রমিক শিল্পী খাতুনের (২৭) গল্প তুলে ধরেছে রয়টার্স। গ্যাসের খরচ জোগাতে না পারায় ভোরে মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন তিনি। স্বামী বেকার, আর বাবা-মা ও শ্বশুর-শাশুড়ি তার আয়ের ওপর নির্ভরশীল।
পাঁচ বছর আগে ৯ হাজার টাকায় কাজ শুরু করা শিল্পী এখন পান ১৩ হাজার ৫০০ টাকা (১০৮ ডলার)। ওভারটাইমসহ আয় প্রায় ১৬ হাজার টাকা। তবু মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়।
রয়টার্সকে তিনি বলেন, “সবকিছুর দাম বেড়েছে। বাসাভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দামও বেশি। যা আয় করি, মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়।”
কঠিন দিনগুলোয় মুড়ি খেয়ে দিন কাটে তাঁর পরিবারের। শারীরিক সমস্যা বাড়লেও তিন বছর ধরে ডাক্তারের কাছে যাননি বলে জানান তিনি।

আশুলিয়ার একটি কারখানার সেলাই অপারেটর রোকসানা পারভীন (২৯) রয়টার্সকে বলেন, “কিছু কেনার আগে দুবার ভাবতে হয়, খাবারের ক্ষেত্রেও। জানি আমার মেয়েদের আরও ভালো খাওয়া উচিত, কিন্তু সামর্থ্য নেই।”
ভাত আর সবজি দিয়েই প্রায়ই দিন চলে রোকসানা ও তাঁর দুই মেয়ের। মাছ-মাংস তাঁদের কাছে বিলাসিতা। খরচ কমাতে এক মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে।
রয়টার্স জানায়, ২০২২ সাল থেকে বাংলাদেশ জীবনযাত্রার ব্যয়ের দীর্ঘস্থায়ী চাপে আছে। এ সময়ে মূল্যস্ফীতির গড় হার প্রায় ৯ শতাংশ। শুরুতে খাদ্যপণ্যের দামই মূল্যস্ফীতি বাড়িয়েছে, তবে খাদ্যবহির্ভূত পণ্যের দামও উচ্চ পর্যায়ে রয়ে গেছে।