গাজীপুরে মহাসড়কে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু

গাজীপুরে মহাসড়কে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিহতরা একই পরিবারের সদস্য। তারা স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তান।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ বলেন, মোটরসাইকেলে করে তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। ফ্লাইওভারের ওপর উঠলে পেছন থেকে একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আনুমানিক বয়স পুরুষের ৩৫ বছর, নারীর ৩০ বছর এবং ছেলেশিশুটির ৮ বছর।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং তদন্ত শেষে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যাবে বলে তিনি আশা করছেন।