গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন রেজিস্টার ঠিকমতো প্রত্যয়ন না করার অভিযোগে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা। জবাব দিতে বলা হয়েছে ১০ কার্যদিবসের মধ্যে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে বিভিন্ন রেজিস্টার দেখেন।
নোটিশে বলা হয়েছে, এ সময় জন্ম নিবন্ধন রেজিস্টারে দুটি অনিয়ম পাওয়া যায়। এর একটি হলো রেজিস্টার সঠিকভাবে প্রত্যয়ন না করা, অন্যটি রেজিস্টারের শেষ চার-পাঁচ পাতায় দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর না থাকা।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের আচরণ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (ঘ) ধারা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল।
এ কারণে একই আইনের ৩৫ (ঘ) ধারা অনুযায়ী কেন তাঁকে উপযুক্ত দণ্ড দেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
একই ঘটনায় নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকেও পৃথক নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তার ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪ (ক) ও ৩৪ (খ) বিধি অনুযায়ী অবহেলা ও অসদাচরণের কথা বলা হয়েছে। ৩৫ (ক) অথবা ৩৫ (খ) বিধি অনুযায়ী কেন তাকে উপযুক্ত দণ্ড দেওয়া হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
জেলা প্রশাসকের মৌখিক নির্দেশনার ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নোটিশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক আহাম্মদ হোসেন ভূইয়া। প্রশাসনিক কর্মকর্তার নোটিশে স্বাক্ষর করেছেন সহকারী কমিশনার নূর নাহিন নিশাদ। দুটি নোটিশই ১০ নভেম্বর জারি করা হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী কমিশনারকে (গোপনীয়)।
আরো জানতে……