পূবাইলে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

আটকে পড়া ট্রেনটিকে আরেকটি ইঞ্জিন লাগিয়ে ঢাকার দিকে নেওয়া হয়।

পূবাইলে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পূবাইলে ঢাকা-ভৈরব রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ বলছে, ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে।

ট্রেনটির যাত্রীরা বলছেন, পূবাইল স্টেশন পেরিয়ে কিছুদূর যাওয়ার পরই ইঞ্জিন থেকে আগুন ছড়াতে শুরু করে। সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়া তৈরি হলে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর ধোঁয়া কমলেও আগুন নেভেনি। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে এবং ট্রেনে থাকা নিজস্ব ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রেনের চালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন চোখে পড়তেই আশপাশের মানুষ ছুটে আসেন। তার ভাষ্য, কেউ বালতি, কেউ কলস, আবার কেউ পানির মোটরের পাইপ নিয়ে আসেন।

পানির উৎস ছিল ঘটনাস্থলের পাশের একটি ড্রেন এবং কাছের একটি নির্মাণাধীন বাড়ি।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, আগুন লাগার পর কিছুক্ষণের জন্য ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রামমুখী লাইনে চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক। আটকে পড়া ট্রেনটিকে আরেকটি ইঞ্জিন লাগিয়ে ঢাকার দিকে নেওয়া হয়। তিনি আরও জানান, আগুনের কারণ খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।