‘এডিস মশা নিধনে’ ২৫ টন ওষুধ আমদানি করা হয়েছে : মেয়র জাহাঙ্গীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘এডিস মশা নিধনে’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পরীক্ষিত ২৫ টন ওষুধ আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার সকালে টঙ্গীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতামুলক পরিচ্ছন্নতা কর্মসূচি ও র‌্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

মেয়র জানান, ডেঙ্গু মুক্ত করতে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডে একসঙ্গে কাজ শুরু হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তারা।

আন্তর্জাতিক মানের ডেঙ্গুমুক্ত করার ২৫ টন ওষুধ আমরা আমদানি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা গাজীপুরের মানুষকে ডেঙ্গুমুক্ত রাখব। পাশাপাশি ঢাকা উত্তর-দক্ষিণসহ বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনে জরুরি ভিত্তিতে যদি ওষুধের প্রযোজন হয় তবে সেটা ফ্রি দিয়ে তাদের সহযোগিতা করব।’

কর্মসূচিতে সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বক্তব্য রাখেন।

পরে মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি র‌্যালি টঙ্গীর কলেজ গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।