৩১২ বাংলাদেশিকে চীন থেকে আনতে খরচ ২ কোটি ৩০ লাখ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকার সম্প্রতি চীনের উহানে আটকে পড়া ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নিয়ে আসে। এতে সরকারের খরচ হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুবেই প্রদেশের উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে, চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

আটকে পড়া শিক্ষার্থী চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরতে সরকারের কাছে আবেদন জানায়। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আটকে পরা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে দ্রুত চীনে বিশেষ বিমান পাঠানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চীনের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল (আগমনী ভিসা) আপাতত স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সরকার বিশেষ উড়োজাহাজে করে ৩১২ জন বাংলাদেশিকে চীন থেকে ফেরত এনেছে। ওই দিনই তাঁদের সাতজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩০২ জনকে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন করে রাখা হয়।

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে এ পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করে। সংস্থাটি বলেছে, একাধিক দেশে এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমণের নজির পাওয়া গেছে।