গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।
এ সময় বৃক্ষরোপন ও কিভাবে পরিচর্যা করতে হবে- তা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম বলেন, শিশুদের সঙ্গে বেড়ে উঠবে গাছ, মাঠ ভরে উঠবে সবুজে সবুজে। কোমলমতি শিক্ষার্থীদের ছোট ছোট হাতের যত্নে গাছগুলো একদিন বড় হবে। ফেব্রুয়ারি হলো ভাষার মাস। এ মাসে জন্মগ্রহণ করা শিক্ষার্থীদের জন্মদিন স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রতিটি শিশুদের একটি করে বৃক্ষ উপহার দেয়া হয়েছে। তারা এই বৃক্ষগুলো নিজ হাতে রোপন করবে এবং গাছগুলোর সঙ্গে জড়িয়ে থাকবে তাদের নাম। বড় হয়ে শিক্ষার্থীরা এই গাছের টানেই আবার ফিরে আসবে প্রিয় বিদ্যালয়ে।
শিক্ষা অফিসার আরো বলেন, শুধু ফেব্রুয়ারি মাস নয়, আমরা এরকম আরও কিছু বিশেষ দিনে এমন পরিকল্পনা নিতে পারি। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার এই আহ্বান।
পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন শিক্ষা অফিসার।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।