কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) এবং বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দু’জনই হামিম গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদার্ত্তী এলাকায় থাকা হা-মীম গ্রুপের কারখানায় কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে খঞ্জনা এলাকায় পৌঁছালে সকাল সোড়া ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন আসছিল। সে সময় তারা দু’জন খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিলো। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে নিহত জেসমিন ও শাহীনুর হা-মীম গ্রুপে শ্রমিক হিসেবে চাকুরি করতো।

কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছালাম বলেন, সকালে ওই দুই নারী কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে রেল লাইন দিয়ে হেঁটে হা-মীম গ্রুপের কারখানায় যাওয়ার পথে খঞ্জনা এলাকায় পৌঁছালে হঠাৎ করেই দুই দিক থেকে দুই ট্রেন আসছিল। সে সময় তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে এক সঙ্গে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে ওই ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।