গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নোয়াপাড়া–দালান বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেয়ামুল শেখ জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী।
আহতরা হলো, নেয়ামুলের বোন নাদিয়া (১৮) ও মামাতো ভাই মাশফিক (১২)। এছাড়া, অপর মোটরসাইকেলে থাকা বাহাদুরসাদীর হাবিব উল্লাহর ছেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ছাত্র রিয়াদ শেখ (১৯) এবং জাহাঙ্গীরের ছেলে পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র আল আমিন (১৯) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে নোয়াপাড়া সড়ক ধরে দালান বাজারের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যায় দালান বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিয়াদ ও আল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়াও মোটরসাইকেলে থাকা তার নাদিয়া ও মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।