গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।
শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর টাইমস অব ইসরায়েলের।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই অভিযানে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সেই সঙ্গে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে। যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবো।
তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে পুরোপুরি বাধা দিয়েছে। এমনটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সংবাদ মাধ্যমটি বলছে, হাইফা এবং উত্তর ইসরায়েল জুড়ে ভোর সাড়ে ৫ টার দিকে অঞ্চলটিতে সাইরেন বেজে ওঠে। ইয়েমেন থেকে আসা কোনো ক্ষেপণাস্ত্র উত্তরে সাইরেন বেজে ওঠার এটি ছিল দ্বিতীয়বারের মতো। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ধ্বংসাবশেষ কিব্বুৎজ মিশমার হায়েমেকের একটি কিন্ডারগার্টেন স্কুলের ছাদে প্রবেশ করে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, উত্তর ইসরায়েলে হাইফার পূর্বে অবস্থিত রামাত দাভিদ বিমানঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাঁটি। এখানে এফ-১৬ যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান রাখা হয়েছে। যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে।