নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা পৌণে ৭টার দিকে মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা পৌণে ৭টার দিকে তার গাড়ি চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হঠাৎ করে তার গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহ আহত হন।
পরিস্থিতি থেকে নিজেকে রক্ষায় তিনি দ্রুত গাড়ি চালিয়ে গাজীপুর বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত মানুষ সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাসনাত আবদুল্লাহ ঢাকার উদ্দেশে রওনা দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ঢাকায় যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িতে হামলা হয়। এ ঘটনায় তিনি আহত হয়েছেন। কারা এ হামলা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।”