গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলার পর বিশ্বব্যাপী দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল। কতদিন ধরে দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দূতাবাসের ওয়েবসাইট পোস্ট করা এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কনস্যুলার কোনো সেবা দিবে না। এ সময় তাদের কোনো নাগরিক সমস্যায় পড়লে তাদেরকে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে ইসরায়েলি নাগরিকদের আপডেট জানাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি ফরম পূরণের নির্দেশনা জারি করা হয়েছে।
এ দিকে এ হামলার পরে বিভিন্ন দেশে ইসরায়েলের দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বার্লিনের ইসরায়েলি দূতাবাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া স্কটহোমের গ্রেট সিনাগনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই ভবনের কাছে পুলিশ ভ্যান রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিহত হন। তাছাড়া ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন বলে দাবি ইসরায়েলের।
এদিকে তেহরানে ইসরাইলি হামলায় আইআরজিসির প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাত করে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
তাছাড়া, এক্স-এ এক পোস্টে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি; ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি; এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদকে হত্যা করেছে। সেনাবাহিনী জানায়, রাতে ২০০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করে।
এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’