গাজীপুরে আসন ভিত্তিক ব্যালট বিতরণ রোববার

গাজীপুরে আসন ভিত্তিক ব্যালট বিতরণ রোববার

নিজস্ব সংবাদদাতা : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ নির্বাচনী ব্যালট পেপার বিতরণ করা হবে রোববার (৮ ফেব্রুয়ারি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রোববার (৮ ফেব্রুয়ারি) বিতরণ করা হবে।

নির্বাচনী মালামাল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ (পুলিশ ফোর্স) নিজে অথবা অফিসিয়াল সিল যুক্ত ক্ষমতাপত্রসহ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য : এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের স্বাক্ষরিত আরেকটি চিঠিতে জানানো হয়েছিল যে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে।

তবে সেই চিঠিতে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

সে সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো এখন ব্যস্ত আছে আনুষ্ঠানিক প্রচারে। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।