গাজীপুরে কর্মক্ষেত্রে জেন্ডার সমতা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত

গাজীপুরে কর্মক্ষেত্রে জেন্ডার সমতা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে ‘কর্মক্ষেত্রে জেন্ডার সমতা, শিশু অধিকার এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার’ বিষয়ক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের সালনা এলাকায় ইউসেপ বাংলাদেশের গাজীপুর রিজিয়নের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের গাজীপুর রিজিয়নের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানাশিয়া ক্লোথিং লিমিটেডের মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. রিয়াজ মনোয়ার।

এ ছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কর্মকর্তা সামির উদ্দিন মিয়া এবং সোশ্যাল ইনক্লুশন কর্মকর্তা মো. ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে জানানো হয়, ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত শিশু ও বেকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নিউজিল্যান্ডের সমাজবিজ্ঞানী লিন্ডসে অ্যালান চেইনির উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থা বিনামূল্যে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি ‘জেন্ডার রেসপনসিভ অ্যান্ড ইনক্লুসিভ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ প্রকল্পের আওতায় আয়োজিত হয়। এতে ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং ইউসেপ বাংলাদেশের কর্মকর্তাসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।