গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দাম নেওয়া এবং দোকানে মূল্যতালিকা না রাখার অভিযোগে চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—মামুন স্টোরের মালিক মামুন মিয়া ৫ হাজার টাকা, সুজন স্টোরের মালিক সুজন ৫ হাজার টাকা, কামাল মিয়া ৫ হাজার টাকা এবং রতন সাহা ২ হাজার টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়। সে সময় অতিরিক্ত দাম নেওয়া এবং দোকানে মূল্যতালিকা না রাখার অভিযোগ করেন বাজারের ক্রেতারা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় চারজন ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করা কিংবা দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন।