গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

শনিবার থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত হাসপাতালের দশ তলার শিশু ওয়ার্ডে এই শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শনিবার ছয়জন, রোববার সাতজন ও সোমবার নয়জন শিশু ভর্তি হয়।

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত চার দিনে হামের লক্ষণ নিয়ে ২৭টি শিশু ভর্তি হয়েছে। শিশুরা গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত হাসপাতালের দশ তলার শিশু ওয়ার্ডে এই শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শনিবার ছয়জন, রোববার সাতজন ও সোমবার নয়জন শিশু ভর্তি হয়। আজ মঙ্গলবার সকালে আরও পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

এলাকাভিত্তিক হিসাবে গাজীপুর সদর উপজেলা থেকে সাতজন, সিটি করপোরেশন এলাকা থেকে ছয়জন এবং কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে তিনজন করে শিশু ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া শিশুদের স্বজনেরা সংবাদ মাধ্যমকে জানান, কয়েক দিন ধরে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং দুর্বলতা দেখা দেওয়ার পর তাঁরা শিশুদের হাসপাতালে নিয়ে আসেন।

কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, “প্রথমে জ্বর ছিল, পরে সারা শরীরে দানা বের হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছে, একটু ভালো আছে।”

আরেক শিশুর বাবা আবদুল মালেক সংবাদ মাধ্যমকে বলেন, “দুই-তিন দিন ধরে জ্বর কমছিল না। পরে শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে ভর্তির পর চিকিৎসকেরা নিয়মিত দেখছেন।”

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, শিশুদের অপুষ্টি থেকে দূরে রাখতে হবে এবং হামে আক্রান্ত রোগীদের অন্যদের থেকে আলাদা রাখা জরুরি।

সূত্র: প্রথম আলো