গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের মধ্যে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ এখনো বিদ্যমান। এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন দুই দেশের মধ্যে নতুন একটি দফা আলোচনা শুরু হতে চলেছে বলে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অগঠনমূলক ও পরস্পরবিরোধী বার্তা’ পাঠানো হচ্ছে। তাঁর ভাষায়, এই বার্তাগুলো একটি তিক্ত বার্তাই বহন করছে — ওয়াশিংটন ইরানের আত্মসমর্পণ চায়।
তবে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, ‘ইরানিরা শক্তির কাছে নতি স্বীকার করে না।’
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার নতুন দফা শুরুর প্রাক্কালে ইরানের রাষ্ট্রপতির এই বক্তব্য দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও জটিলতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।