ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ও বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের ভেতরে অবস্থিত সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা তাঁর স্ত্রীর গলা থেকে সোনার চেইন, হাতের আংটি ও রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পাশের কোয়ার্টারের বাসিন্দারা যেন বের হতে না পারেন, সে জন্য ডাকাতরা তাঁদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাঁদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পরে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।