গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন — এই তথ্য প্রকাশ পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগসাজশকে তিনি ‘অমার্জনীয়’ বলে অভিহিত করে জবাবদিহির হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, নেতানিয়াহু এখন প্রকাশ্যে যা স্বীকার করেছেন, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তা আগেই নেতৃত্বকে জানিয়েছিল।
তিনি বলেন, ‘ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা একটি নির্বোধ জুয়া। এই কাজে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ — অমার্জনীয়।’ আরাগচি আরও সতর্ক করেন, বিভেদ সৃষ্টিতে যারা ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের জবাবদিহি করতে হবে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। রয়টার্সের কাছে বৈঠক সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে, গত ২৬ মার্চ ওমান সীমান্ত-সংলগ্ন আল আইন শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।
এই প্রকাশের আগেই ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সমন্বয় নিয়ে একাধিক প্রতিবেদন সামনে আসে। গত সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযানের সময় আমিরাত একাধিক ‘গোপন’ হামলা পরিচালনা করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে ইরানে হামলা চালায়।
ইরান জানিয়েছে, এই আগ্রাসনের জবাবে তারা কমপক্ষে ১০০ দফা পাল্টা হামলা চালিয়েছে, যেখানে ওই দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি কৌশলগত লক্ষ্যবস্তু এবং অধিকৃত ভূখণ্ডে আঘাত হানা হয়েছে। তেহরান বারবার সতর্ক করেছে, যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করছে, তারা নিজেদের স্বার্থ রক্ষার পরিবর্তে বরং নিজেদের জন্যই অস্থিরতা ডেকে আনছে।