গাজীপুর কণ্ঠ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো এবং এপর্যায়ে তাদের গালিও দেওয়া ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছিল।
এরপরই ছাত্রদলের ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক।
তার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আব্দুর রহিমের জায়গায় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
এর আগে এসএসএফের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতা আব্দুর রহিমের বাগবিতণ্ডার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের লক্ষ্য করে আব্দুর রহিম ভুইয়াসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উত্তেজিত আচরণ করছেন। তাদের মধ্যে কয়েকজনকে আবার গালিগালাজ করতেও শোনা যায়। একপর্যায়ে নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যেতে দেখা যায় কয়েকজনকে।
এ ঘটনায় খোদ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলেন।
ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।
এ বিষয়ে আব্দুর রহিম ভুইয়া সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার পথে আমরা যখন সবাই একত্র হয়ে তাকে বিদায় দিচ্ছিলাম, তখন হঠাৎ নিরাপত্তা টিমের হয়তো কেউ একজন আমাকে গালি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে অন্যরা আমাকে তুলে দেয়। আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। পরে দেখছিলাম, কে আমাকে গালি দিয়ে ফেলে দিল। কিন্তু কাউকে গালি দিইনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা ছাত্রদল করি। ২০ বছর দলের জন্য মার খেয়েছি, গালি খেয়েছি। কিন্তু তাদের একটি ভুলে যদি আমার জীবনটাই শেষ হয়ে যায়, সেটা কি মেনে নেওয়া যায়?
সবসময় নিরাপত্তা টিমকে সহযোগিতা করেন জানিয়ে তিনি বলেন, আমরা সবসময় এসএসএফ, সিএসএফ ও পুলিশ সদস্যদের সহযোগিতা করি। দল থেকেও সেভাবেই বলা আছে। তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী আমাদের আবেগের জায়গা। তাকে যারা নিরাপত্তা দেন, তাদের সঙ্গে কীভাবে বাজে ব্যবহার করি? যারা এটা বলছে, তারা ভিত্তিহীনভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। খারাপ ব্যবহারের প্রশ্নই আসে না।
তবে আব্দুর রহিম ভুইয়া যা-ই বলেন না কেন, শেষ পর্যন্ত পদ বাঁচাতে পারলেন না তিনি। ঘটনার কয়েক ঘণ্টা পার না হতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।