তিন কারণে জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে ছিলেন; সবাই জামায়াতপন্থি হিসেবে পরিচিত।

তিন কারণে জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা।

তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। তারা সবাই জামায়াতপন্থি হিসেবে পরিচিত।

তাদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, “আমরা বিরোধী দলের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি।

“কারণ তিনটি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারি না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স, সেটা বাতিল করা।”

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরো অনেকের সঙ্গে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওই ১১ জন।

সে কথা তুলে ধরে ইউসুফ আলী বলেন, “গত ফেব্রুয়ারিতে দলীয় সরকার ক্ষমতায় আসার পরও আমরা চেষ্টা করেছি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। জুডিশিয়ারিকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখতে পেলাম যে, ইতিমধ্যে সেপারেশন অব জুডিশিয়ারির বিরুদ্ধে আমাদের এই রাষ্ট্রই অবস্থান নিয়েছে।”

তিনি বলেন, “আমাদের যে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমাদের যে চেতনা ছিল– মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আন্দোলনের চেতনা, সে চেতনা অনুযায়ী সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এটার বিরুদ্ধে পদত্যাগ করব।”

ইউসুফ আলী জানান, তিনি ছাড়াও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গোলাম রহমান ভূঁইয়া, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ আসাদ উদ্দিন, মোহাম্মদ আবদুল করিম ও মোহাম্মদ ফরিদ উদ্দিন খান পদত্যাগ করেছেন ।

আর পদত্যাগী ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের হলেন–ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, জনাব আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোবায়দুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

সূত্র: বিডিনিউজ