জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট ঘোষণা

বিশেষ প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ঘাটতি বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা।

পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা, যার বিপরীতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা। এ বছরের ঘাটতির পরিমাণ ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।

শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ২৮তম সিনেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

অধিবেশনে উভয় বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

যেসব উদ্যোগের কথা জানানো হয়:

বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী ও কর্মমুখী করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে মান্দারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ সৃষ্টি করা হয়েছে। দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন ক্যাম্পাস তৈরির অংশ হিসেবে ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে আগামী পাঁচ বছরে ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার উদ্যোগও নেওয়া হয়েছে।

অধিবেশনে উপস্থিত ছিলেন সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অধিবেশনে মোট ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।