গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের এলাকার মাদক সমস্যাই নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশের মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন।
তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদকের সুতিকাগার বলে অভিহিত করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকায় মাদক বন্ধ করতে না পারলে সারাদেশে তা কীভাবে বন্ধ করবেন এবং সারাদেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক করবেন, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি দেশের সব জায়গায় মাদক কারবার বন্ধ ও আইনশৃঙ্খলা নিশ্চিত করার আহ্বান জানান।
‘জুলাই’ উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আবদুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এই সমাবেশে অংশ নেন। দেশব্যাপী চলমান জুলাই পদযাত্রার এই কর্মসূচি সফল করতে সব স্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আরো জানতে…..
কালীগঞ্জ থেকে শুরু হলো এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’
জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ আসছে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা