গাজীপুর কণ্ঠ ডেস্ক
মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারিতে তিনজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গি এলাকার একটি বাড়ি থেকে সোমবার বিকেলে তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার জানায়, নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
নেগরি সেমবিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আনুমানিক ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা সোয়া চারটার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষ বাধার খবর পুলিশের কাছে আসে প্রতিবেশীদের মাধ্যমে।

খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাজির হয় এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ ওই এলাকার সুয়া মাঙ্গিস এস্টেট থেকে প্রথমে দুটি এবং পরে আরও একটি মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে দেখা যায়, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ভর্তি করা হয়েছে রেম্বাউ হাসপাতালে।
পুলিশপ্রধান আলজাফনি আরও বলেন, নিহত ও আহত ব্যক্তিরা একে অপরের সহকর্মী ছিলেন এবং একই কর্মস্থলে কাজ করার পাশাপাশি একসঙ্গেই থাকতেন। সংঘর্ষটি একাধিক জায়গায় গড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত আছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।