বেলুচিস্তানে এক মাসে ৯৭ পাকিস্তানি সেনাকে হত্যা

বেলুচিস্তানের ৯টি এলাকা থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার পাশাপাশি বেলুচিস্তানের বেশ কয়েকটি হাইওয়ের দখল নিয়েছে বিএলএফ।

বেলুচিস্তানে এক মাসে ৯৭ পাকিস্তানি সেনাকে হত্যা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) সদ্য শেষ হওয়া জুলাই মাসে পাকিস্তানি সেনাবাহিনীর ৯৭ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে। 

বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্টের (টিবিপি) বরাত দিয়ে মঙ্গলবার (০৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

সম্প্রতি বিএলএফ তাদের মাসিক অপারেশনাল প্রতিবেদন প্রকাশ করেছে।

গোষ্ঠীটির মুখপাত্র মেজর গোহরাম বালোচ দ্য বেলুচিস্তান পোস্টকে বলেছেন, জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বেলুচিস্তানের মাসটাং, খুজতার, বাসিমা, মান্দ, তাম্প, কাহান, চাগাই, খারান, কালাত, কোয়েটা, জামরুয়ান, সুরাব, মাশকেল, বুলেদা, করাচি, পাসনি, রাখনি, নাল, খুদান, বালনেগর এবং মাশকেসহ ২৩টি জেলায় পাকিস্তানের সামরিক বাহিনী ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে মোট ৪৮টি অভিযান পরিচালনা করেছে বিএলএফ।

এসব অভিযানে নিহত হয়েছে ৯৭ জন পাকিস্তানি সেনা এবং আহত হয়েছে আরও ১৫ জন। পাক সেনাবাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ জন বালোচকেও হত্যা করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তনের সেনাবহিনীর ১৫টি সামরিক গাড়ি ধ্বংস ও ৫টি গাড়ি জব্দ করেছে বিএলএফ যোদ্ধারা।

দ্য বেলুচিস্তান পোস্টকে জানিয়েছেন মেজর গোহরাম বালোচ বলেছেন, তাদের অভিযানের লক্ষ্য ছিল বেলুচিস্তানে পাকিস্তানের তথাকথিত ‘ঔপনিবেশিক কাঠামো’ কে দুর্বল করা, বেলুচিস্তানের সম্পদের শোষণ রোধ করা এবং পাকিস্তানের সামরিক উপস্থিতি দমন করা।

দ্য বেলুচিস্তান পোস্টকে মেজর গোহরাম বালোচ আরও জানান, জুলাই মাসে বিএলএফের সঙ্গে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অভিযানটি হয়েছিল ২২ জুলাই মাসটাং জেলার খাদকোচা তহসিলে (উপজেলায়)। সে অভিযানে বিএলএফের সঙ্গে সংঘাতে নিহত হন ১৭ জন সেনা এবং আহত হন আরও ১০ জন।

এই এক মাসের অভিযানে বেলুচিস্তানের ৯টি এলাকা থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার পাশাপাশি বেলুচিস্তানের বেশ কয়েকটি হাইওয়ের দখল বিএলএফ নিয়েছে বলেও দাবি করেছেন মেজর গোহরাম বালোচ।

মেজর গোহরাম বালোচ বলেছেন, বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন না করা পর্যন্ত বিএলএফ নিয়মিত ভিত্তিতে, ‘উদ্ভাবন, বৈচিত্র্য এবং আরও তীব্রতার’ সঙ্গে তাদের সশস্ত্র অভিযান চালিয়ে যাবে।

সূত্র : এএনআই, ফার্স্টপোস্ট