গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানীর গুলশানের বাসভবন থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৭৯ ও ১৯৮০ সালে পরপর দুইবার ডাকসুর জিএস নির্বাচিত হন আখতারুজ্জামান। তার সঙ্গে ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। এরপর ১৯৮১ সালে তিনি ভিপি নির্বাচিত হন; তখন তার সঙ্গে জিএস ছিলেন জিয়াউদ্দীন বাবলু।
আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।