নদী দূষণ রোধে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যাসহ রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নদী দূষণ রোধে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে এবং এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার (০৬ অগাস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যাসহ রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও নিষ্কাশন ব্যবস্থা, খালের নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বৈঠকে।

শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে চালু রাখা নিশ্চিত করা, খাল ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া বিদ্যমান পরিবেশ আইনের কার্যকর প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও জোর দেওয়া হয়।

জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের এই কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে এবং নির্দিষ্ট সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে বলে জানান উপ-প্রেস সচিব।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো জানতে………

কালীগঞ্জে চার কোম্পানির দখলে ‘শীতলক্ষ্যার ১৫ একর জমি’, উদ্ধারের দায়িত্ব নিচ্ছে না কেউ!

কালীগঞ্জে শীতলক্ষ্যার তীরে পাঁচ হাজার কোটির অবৈধ কয়লাবাণিজ্য

শীতলক্ষ্যা এবং কালীগঞ্জ: প্রাচীন, মোঘল, বৃটিশ, পাকিস্তান ও বর্তমান আমল