গাজীপুর কণ্ঠ ডেস্ক
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার (১০ আগস্ট) দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন ইউটার্নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কতিপয় সদস্য পাকা রাস্তার ওপর অবৈধ মিছিল বের করেন।
মিছিল থেকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও প্ররোচনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধনে নেতাকর্মীদের উৎসাহিত করেন।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় {মামলা নং ২৪(৬)২৬}।
আরো জানতে….