গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের চাপায় হাসনা আরা বেগম (৫০) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার কাপাসিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা আরা বেগম উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত ইসমাইল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে কাপাসিয়া মোড় এলাকায় সড়ক পার হচ্ছিলেন হাসনা আরা বেগম। সে সময় ঘোড়াশালগামী প্রাণ-আরএফএলের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় কাভার্ড ভ্যান বা চালকের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
উল্লেখ্য : সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা দিয়ে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক পুনর্বাসনের লক্ষ্যে এই তহবিল পরিচালনা করা হয়।
এই আইন অনুযায়ী, নিহত ব্যক্তির পরিবার সাধারণত পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই সহায়তা স্বয়ংক্রিয়ভাবে মেলে না। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে সংশ্লিষ্ট জেলার বিআরটিএ সার্কেল অফিসে আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন, আর্থিক সহায়তা গ্রহণ করুন।