গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল রিধিকা রিধির বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “পরিবারের সদস্যরাই তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেছে। আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।”
প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’ বলেই ধারণা পুলিশের।
ওসি মাজহারুল বলেন, “এটি আত্মহত্যা বলেই ধারণা করছি, কিন্তু এর পেছনে অন্য কারো প্ররোচনা থাকতে পারে। কারণ আত্মহত্যার আগে ভিডিও কলে একজনের সঙ্গে কথা বলেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।”
পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি, এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ অন্যতম।