বিশেষ প্রতিনিধি
বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের হয়, যা রাজবাড়ি সড়ক ও মসজিদ রোড হয়ে শিববাড়ি এলাকার জুলাই চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও মোনায়েম খন্দকার সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন এবং মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
নেতারা বলছেন, বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় সর্বোচ্চ পদাধিকারীকে নিয়ে অশালীন মন্তব্য কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই অভিযোগে তারা এনসিপি কর্মী আবদুল্লাহ সিফাতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
সিফাতের বিরুদ্ধে ইতিমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।