গাজীপুরে দুই সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় দুজন, কোনাবাড়ীতে ট্রাকচাপায় একজনের মৃত্যু

গাজীপুরে দুই সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গী ও কোনাবাড়ীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। 

রবিবার (২৭ সেপ্টেম্বর)সকালে কোনাবাড়ীতে ট্রাকচাপায় এক বৃদ্ধা এবং বিকেলে টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা ও ছেলে মারা যান।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার বিকেলে ময়মনসিংহ থেকে বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নামেন একই পরিবারের কয়েকজন। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসেতুর কাছে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে আয়েশা খাতুন, তার ছেলে ইয়াছিন ও ছেলের স্ত্রী আরজিনা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশা ও ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ট্রাকচাপায় রেখা রানী সূত্রধর (৬০) নিহত হন। ছেলের বাসায় বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেখা রানী টাঙ্গাইলের গোপালপুর থানার দক্ষিণ মান্দিয়া গ্রামের সনাতন চন্দ্র সূত্রধরের স্ত্রী।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকচালক আবদুল মমিনকে (৩৭) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।