গাজীপুর কণ্ঠ ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের মাথা ফেটেছে এবং একজনের হাত ভেঙেছে। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরিফুল করিম সংবাদ মাধ্যমকে জানান, লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে এটি সমাধানও হয়ে যায়। কিন্তু এরমধ্যে কয়েকজন আবার হলে গিয়ে উত্তেজনা তৈরি করে। আমরা এখন পর্যন্ত জেনেছি অন্তত ১০ জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
উপাচার্য আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
জানা গেছে, পরিচয় না থাকায় সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ, দত্ত হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়।