গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
র্যাংকিংয়ের ব্যবধানটা মাঠেও স্পষ্ট হয়ে গেলো। বিশ্ব হকি র্যাংকিংয়ে ভারত সপ্তম, বাংলাদেশ ২৭ নম্বরে। এশিয়ান গেমসের টার্ফে সেই পার্থক্য আরও বড় করে দেখালো ভারত। গোলের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত ১০-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
জাপানের গিফু শহরে বৃষ্টিস্নাত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় ভারত। ম্যাচের তৃতীয় মিনিটেই অভিষেকের গোলে এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে ভারত।
২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। পাঁচ মিনিট পর, ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত সিং। ৩২ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও ভারতের গোলের ক্ষুধা কমেনি। ৪০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত। এরপর ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন শিলানন্দ লাকরা।
৪৫ মিনিটেই আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রিত সিং। শেষ দিকে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে ভারতের দশম গোলটি করেন মানদীপ সিং।
এশিয়ান গেমসে অবশ্য বাংলাদেশের শুরুটা হয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের হার দিয়ে। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে হারতে হয় লাল-সবুজদের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়াকে হারায় ৩-১ গোলে।
‘এ’ গ্রুপে চার ম্যাচে দুটি জয় পেলেও বাংলাদেশ শেষ করেছে চতুর্থ স্থানে। ফলে স্থান নির্ধারণী ম্যাচে এবার চীনের মুখোমুখি হতে হবে জিমি-আমিরুলদের।