টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।

টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ ২৪ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে মরদেহ দুটি তুলে আনেন। 

নিহত দুই শিশুরা হলো- টঙ্গীর জামাই বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে আবু ইউনুস (১০) ও একই এলাকার শাহ আলমের ছেলে নিরব মিয়া (৯)। তারা স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা পলাশ মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেছেন, বুধবার বিকেলে ইউনুস ও নীরবসহ কয়েকজন শিশু নদীর রেলওয়ে সেতুর নিচে গোসল করতে নামে। এক পর্যায়ে নীরব পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে ইউনুস ঝাঁপ দেয়। কিন্তু প্রবল স্রোতে দুজনই ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেদিনই উদ্ধার কাজ শুরু করে। তবে আলো কম থাকায় এবং আবহাওয়া প্রতিকূল হওয়ায় রাতে অভিযান বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরু হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের প্রধান রাসেল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, স্রোত তীব্র হওয়ায় কাজটি কঠিন হয়ে পড়েছিল। প্রথমে ঘটনাস্থলের কাছেই ইউনুসের মরদেহ পাওয়া যায়। এরপর সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নীরবের মরদেহ মেলে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।