গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) ভোররাতে এসব হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এর মধ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদির রাজধানী রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে।
রয়টার্স জানিয়েছে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বাকি অংশের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণ করার কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরটির রানওয়ের কাছে আঘাত হানে। কর্তৃপক্ষ ওই উড়োজাহাজের অবতরণ বাতিল করে সেটিকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পাঠিয়ে দেয়। হামলার সময় রানওয়েতে থাকা দুটি উড়োজাহাজকে আরও হামলা হতে পারে শঙ্কায় সরিয়ে নেওয়া হয়।
হুতিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।