গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
আগামী সপ্তাহে চীনে একটি শীর্ষ সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেছেন, দক্ষিণাঞ্চলের শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির সময়ই এই “ঐতিহাসিক” বৈঠক হবে।
তিনি বলেন, “প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেছেন যে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন। এই অস্ত্রের বিস্তারকে তিনি অত্যন্ত বিপজ্জনক মনে করেন।”
ওয়েলসের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তার চীন সফরের ইতি টানবেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের এই বৈঠকের মধ্য দিয়ে।
সংবাদ সংস্থা এপি ও রয়টার্স নাম প্রকাশ না করা এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বৈঠক শেষে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। জানা গেছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর এই তিন দেশের নেতাদের আলোচনায় ইরান প্রসঙ্গ উঠতে পারে, তবে ইউক্রেন নয়।
মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, অ্যাপেকের ফাঁকে শি জিনপিং “দ্বিপাক্ষিক” আলোচনায় বসবেন। ত্রিপক্ষীয় বৈঠকের কথা তাতে উল্লেখ ছিল না।
এর আগে চলতি মাসের শুরুতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছিল, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের আলোচনার জন্য শীর্ষ সম্মেলনে “প্রস্তুতির ইঙ্গিত” আছে।
ট্রাম্প মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এরপর ২১ সদস্যের দুই দিনের অ্যাপেক সম্মেলনের জন্য বুধবার রাতে তিনি শেনজেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
২০২৫ সালে ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শির সঙ্গে এটি হবে তাঁর চতুর্থ বৈঠক। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, এই সফর “আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক বিজয়” নিশ্চিত করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে দুই দেশের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার এখন কার্যত কোনো বড় নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় নেই। স্নায়ুযুদ্ধ মেটাতে যে অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতা সাহায্য করেছিল, এর মাধ্যমে তারও অবসান ঘটেছে।
জাতিসংঘ দুই দেশকে অবিলম্বে নতুন একটি কাঠামোয় সম্মত হতে আহ্বান জানিয়েছে। ট্রাম্প বলছেন, এই চুক্তির বদলে তিনি আরও ভালো একটি চুক্তি করতে পারেন, যাতে ক্রমে বেড়ে চলা অস্ত্রভান্ডারের অধিকারী চীনকেও যুক্ত করা হবে।
তবে যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে বলেছেন, বেইজিং ও মস্কোর সহযোগিতা পেতে বড় ধরনের বাধার মুখে পড়তে হতে পারে। এতে কয়েক বছরও লেগে যেতে পারে।
চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে শি জিনপিং বেইজিংয়ে পুতিন ও ট্রাম্প দুজনকেই আলাদাভাবে আতিথেয়তা দেন। সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে বেইজিং রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। ওই যুদ্ধের কারণে রাশিয়া বিশ্বের বড় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
তবে গত মাসে রুশ ডিজেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি হয়েছে। একই সঙ্গে চীনসহ রাশিয়ার তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এসব পদক্ষেপকে ক্রেমলিনের প্রতি ট্রাম্প প্রশাসনের নমনীয়তা হিসেবে দেখা হচ্ছে, যা ইউরোপে উদ্বেগ বাড়িয়েছে।
এ বছর বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি উষ্ণ সম্পর্কের বার্তা দিতে চেয়েছেন। কিন্তু বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের প্রতিযোগিতা এবং তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি।
ইরানের যুদ্ধও দুই দেশের মধ্যে বড় বিরোধের কারণ হয়ে উঠেছে। বেইজিং তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং শীর্ষ বাণিজ্যিক অংশীদার।