ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে, তবু কেন টিকে থাকাই কঠিন

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। কিন্তু সংখ্যার এই সাফল্যের আড়ালে বহু পরিবার এখনো মাস শেষে অভুক্ত থাকছে, আর একটিমাত্র ধাক্কায় তারা আবার চরম অভাবে ফিরে যেতে পারে।

ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে, তবু কেন টিকে থাকাই কঠিন

আল জাজিরা

রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপত তিন সদস্যের পরিবারে মাসে ১১ হাজার রুপি (প্রায় ১১৭ ডলার) খরচ করেন। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমা অনুযায়ী এই আকারের পরিবারের জন্য মাসিক সীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি (প্রায় ৭৮ ডলার)। অর্থাৎ হিসাবে তাঁরা আর দরিদ্র নন।

তবু প্রতি মাসের শেষে তাঁর রান্নাঘরের তাক ফাঁকা হয়ে যায়। স্বামী হরি প্রজাপত ঋণে ডুবে যান, আর খাবারের বড় অংশ রাখতে হয় নয় বছরের ছেলে দিব্যাংশের জন্য। আল জাজিরাকে হেমা বলেন, “এই সীমা অনেক নিচে। এই টাকায় কারও পক্ষে মর্যাদা নিয়ে বাঁচা সম্ভব নয়।”

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এক দশকের বেশি সময় ধরে ভোগব্যয়ভিত্তিক সরকারি দারিদ্র্য-হিসাব প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনীয় তথ্যের জন্য বিশ্বব্যাংকের নতুন জরিপ ও তাদের নির্ধারিত দারিদ্র্যসীমার ওপরই নির্ভর করতে হচ্ছে।

বিশ্বব্যাংকের হিসাবে এই সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে নেমে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। এত বড় পরিসরে দারিদ্র্য কমানোর তুলনীয় উদাহরণ কেবল চীন, যারা চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করেছে।

কয়েকজন অর্থনীতিবিদ ভারতের অর্জনকে তাৎপর্যপূর্ণ বলছেন এবং বিশ্বব্যাংকের হিসাবপদ্ধতিকে প্রশ্নাতীত মনে করছেন, যদিও তাঁদের মতে দারিদ্র্য জয় করতে এখনো অনেক পথ বাকি। অন্য একদল অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের সার্বিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার নিজস্ব দারিদ্র্য-হিসাব করতে রাজি না হওয়ায়ও তাঁদের আপত্তি আছে।

বিশ্বব্যাংক দারিদ্র্য কমার কারণ হিসেবে নারীদের শ্রমবাজারে বাড়তি অংশগ্রহণ এবং জাতীয় খাদ্যনিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করেছে। এই কর্মসূচির আওতায় প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পান। তবে নারীদের নিরাপদ ও পর্যাপ্ত মজুরির কাজ পাওয়া এখনো চ্যালেঞ্জ।

সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ভোগ্যপণ্যের দাম অন্তত ৫১ শতাংশ বেড়েছে। মজুরি সেই গতিতে বাড়েনি।

হেমা গত এক বছর ধরে এলাকার বাড়িতে ঘর পরিষ্কার ও থালাবাসন ধোয়ার কাজ করে মাসে ৫ হাজার রুপি আয় করছেন। তিনি বলেন, “কাজ শুরুর পর সংসারে একটু স্বস্তি এসেছে, কিন্তু টাকা আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে, ঋণও বাড়ছে।” তাঁদের কৃষিজমি নেই, তাই সবকিছুই বাজার থেকে কিনতে হয়।

সরকারি স্কুল ও হাসপাতালের মতো কিছু সেবা থাকলেও সরকারি স্বাস্থ্যব্যবস্থায় আস্থা কম। সেখানে অপেক্ষার সময় বেশি, ওয়ার্ডে ভিড় এবং চিকিৎসক ও সম্পদের সংকট রয়েছে।

দুই মাস আগে ছেলের সর্দি-জ্বর বাড়লে হেমা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় খরচ হয় প্রায় ৬ হাজার রুপি, যা তাঁর এক মাসের আয়ের চেয়েও বেশি।

হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সী সুশীলা সালভি ১৪ বছর পর আবার গর্ভবতী হন। কাঙ্করোলিতে ছোট একটি সেলুন চালিয়ে আট বছর ধরে মেয়ের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় করছিলেন তিনি। কিন্তু সরকারি হাসপাতালে ভরসা না পেয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মাতৃসেবায় প্রায় ৬৫ হাজার রুপি (প্রায় ৬৯৫ ডলার) খরচ হয়ে সঞ্চয় শেষ হয়ে যায়। মাসে ৬০০ রুপির কোচিং থেকেও মেয়েকে ছাড়িয়ে নিতে হয়েছে।

নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, ভারতে দারিদ্র্যসীমা খুব নিচে। তিনি বলেন, মহামারি, খরা, বন্যা, এমনকি একটি বিয়েও মানুষকে আবার দারিদ্র্যে ঠেলে দিতে পারে। তাঁর মতে, বিশ্বব্যাংকের সীমায় গ্রাম ও শহরের পার্থক্য করা হয়নি, যা সমস্যাজনক।

দিল্লির উপকণ্ঠে থাকেন ৩৭ বছর বয়সী সীমা কুমার। তিন সদস্যের পরিবারে মাসে ২০ হাজার রুপি (প্রায় ২১৪ ডলার) খরচ হয় তাঁর। উৎসব বা ছেলের জন্মদিনের মতো সময়ে খরচ বাড়লে ঋণ নিতে হয়।

গত সপ্তাহে দীপাবলির আতশবাজির পর দিল্লির বায়ুমান রেকর্ড মাত্রায় খারাপ হয়। পরদিন ঘন বিষাক্ত ধোঁয়াশার মধ্যে পরিবারের তিনজনই কাজে বের হন। সন্ধ্যায় ছেলের গলাব্যথা, সবার সর্দি আর সীমার তীব্র মাথাব্যথা শুরু হয়। তিনি বলেন, “ছেলের জন্য একটা মাস্কও কিনতে পারিনি, অথচ বলা হচ্ছে আমি নাকি আর দরিদ্র নই।”

১৪০ কোটি মানুষের দেশ ভারত নামমাত্র জিডিপির হিসাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। করোনা মহামারি এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো ধাক্কা সত্ত্বেও দেশটির প্রবৃদ্ধি অব্যাহত আছে। তবে এটি বিশ্বের অন্যতম বৈষম্যপূর্ণ দেশও। শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে দেশের ৪০ শতাংশ সম্পদ, যা বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উদ্বেগ হিসেবে এসেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়ায় এখন মোটরসাইকেলে পেট্রল ভরাও হরির পক্ষে কঠিন। ছেলের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার দিনে তাই হেমাই পেট্রলের খরচ দিতে চান।

হেমা বলেন, “আমার একটাই আশা, আমার ছেলে জীবনে কিছু একটা করবে। একদিন কাজ না করলে, মাসের কথা তো বাদই দিলাম, আমরা আবার সেই চরম দারিদ্র্যের দিনে ফিরে যেতে পারি।”