গাজীপুর কণ্ঠ : মহানগরের টঙ্গী থেকে নিখোঁজের ৩দিন পর কালিয়াকৈরের বেনুপুর থেকে রবিন আহম্মেদ (৪০) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রবিন টঙ্গীর টাংকিরটেক এলাকায় একটি বাড়ি কিনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানা এলাকায়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, রবিন আহম্মেদ সৌদি আরব প্রবাসী। প্রায় এক মাস আগে তিনি দেশে আসেন। গত ১৫ ডিসেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ হন। পরে নিহতের পরিবার থানায় একটি ডায়রী করে। বিষয়টি তদন্ত করে জানা যায় রবিন আহম্মেদ অপহরণ হয়েছে। এক পর্যায়ে টঙ্গী থেকে সোহেল ও কাউছার নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা স্বীকার করে রবিন আহম্মেদকে পিটিয়ে হত্যার পর সোহেলের ফ্রিজের শোরুমে একটি ফ্রিজে মরদেহ রেখে দেয়। পরে সুযোগ বুঝে মরদেহ কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় মরদেহ ফেলে দেওয়া হয়। বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।