গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপরিদর্শক (এসআই) মো আব্দুল লিটন।
নিহত কৃষক জসিম উদ্দিন দিঘধা গ্রামের মৃত জায়েদ আলের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার উপরিদর্শক (এসআই) মো আব্দুল লিটন বলেন, নিহত জসিম উদ্দিনের বাড়ির পাশে কৃষি জমিতে সবজি চাষের প্রস্তুতি চলছিল। ওই জমি প্রস্তুত করতে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি জমিতে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাঁকে জমিতে পড়ে থাকতে দেখেন। জমিতে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাত প্যাঁচানো ছিল। জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জসিমের হাতে ও বুকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে।
এসআই আরো বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।