গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৪৫) এক দৃষ্টি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা সোয়া এগারোটার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে আড়িখোলা রেলস্টেশনের তিন নাম্বার লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। তার দু’পা খোঁড়া এবং তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন।
ভৈরব রেলওয়ে থানার নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম বলেন, বুধবার অনুমানিক সোয়া এগারোটার দিকে নরসিংদীগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলস্টেশনের তিন নাম্বার লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই দৃষ্টি প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। তার দুই পা খোঁড়া এবং চোখে দৃষ্টিশক্তি নেই। তিনি স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে ছিলো কালো থ্রি-কোয়াটার প্যান্ট এবং কালো জ্যাকেট।
তিনি আরো বলেন, দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে নরসিংদী সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই দৃষ্টি প্রতিবন্ধীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।