কালীগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ব্যবসায়ীর মৃত্যু 

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নলছাটা এলাকায় অজ্ঞাত ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফিরোজ মিয়া(৫৫) নামেএক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ট্রাকসহ পালিয়ে যায়।
সোমবার (১মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।
নিহত ফিরোজ মিয়া তুমুলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, ফিরোজ মিয়া তুমুলিয়া ইউনিয়নের আগলা মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন। আড়তে থেকে কাঁচামাল আনতে রোববার রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ভোরে মালামাল নিয়ে ফেরার পথে নলছাটা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, “ফিরোজ মিয়া সোমবার ভোরে গাজীপুর চৌরাস্তা এলাকার একটি আড়ত থেকে কাঁচামাল নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে ফিরছিলেন। ভোর পাঁচটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে টঙ্গীগামী অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ফিরোজ মিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরো বলেন,”পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ট্রাকসহ পালিয়ে যায়।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সজল চন্দ্র দাশ বলেন, “সকাল ছয়টার দিকে ফিরোজ মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”