গাজীপুরে আধিপত্য নিয়ে গোলাগুলি, কালীগঞ্জের দুই সন্ত্রাসীসহ আটক ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় তাজা গুলি ও গুলির খোসাসহ কালীগঞ্জের দুইজন ৫ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (০৪ মার্চ) রাতে জয়দেবপুর কালা সিকদার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে- মহানগরের রথখোলা এলাকার কাজী মোহাম্মদ হোসেনের ছেলে কাজী আশরাফ রকিব (২৮) ও কাজী মোঃ আল-আমিন সবুজ (৩৫), উত্তর ছায়াবিথী এলাকার শুক্কুর মাহমুদের ছেলে মজিবর রহমান (১৯), কালীগঞ্জের বড়হড়া এলাকার আব্দুল আলীর ছেলে মোঃ শফিউল্লাহ (২২) এবং বক্তারপুর এলাকার শহিদুল আলমের ছেলে শামীম আহমেদ রনি (২০)।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালা সিকদার ঘাট এলাকায় একটি সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র গোলাগুলি করছে এমন সংবাদ পেয়ে সেখানে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ওই পাঁচ সন্ত্রাসীকে আটক এবং তাদের কাছ থেকে তিন রাউন্ড তাঁজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে- তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। পূর্ব শক্রতার জেরে তাদের মধ্যে মারামারি ও গোলগুলির শুরু হয়। তারা কালা সিকদার ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী, গার্মেন্টস শিল্পে চাঁদাবাজী, মারামারি, খুন জখম, হাট-পা কাঁটাসহ বিভিন্ন সময় নানা অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল।