কাশিমপুরে হাত-পা-মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার ময়লার খাদ থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জিএমপি’র কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব-এ- খোদা জানান, বুধবার সকাল ৯টার দিকে এলাকাবাসী কাশিমপুর সারদারগঞ্জ এলাকার জালাল উদ্দিনের বাড়ির পাশে একটি ময়লার কুয়োয় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কিন্তু লাশের মাথা ও হাত-পা পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্সের প্যান্ট।

ধারণা করা হচ্ছে, আনুমানিক ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে। লাশের যাতে শনাক্ত করা না যায়, সেজন্য হাত-পা ও মাথা বিচ্ছিন্ন করে দেহটি ওই ময়লার কুয়োয় ফেলে পালিয়ে গেছে। পুলিশ লাশের অন্য অংশগুলো খুঁজছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।