গাজীপুর কণ্ঠ ডেস্ক : চলমান কঠোর বিধি-নিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাহিরে ঘোরাফেরা করার দায়ে কালীগঞ্জের পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ জনকে মোট ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
এছাড়াও ঘরের বাহিরে থাকা দুস্থ রিকশা চালক, চা বিক্রেতা ও ভিক্ষুকদের কঠোর বিধি-নিষেধ মেনে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয় এবং তাঁদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা, তুমলিয়া ইউনিয়নের সোম বাজার ও বঙ্গবন্ধু বাজারসহ বিভিন্ন এলাকায় এবং নাগরী ইউনিয়নের নাগরী বাজার, পাঁনজোড়া বিএনপি’র মোড়, উলুখোলা বাজারসহ নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং ঢাকা বাইপাস সড়কে কঠোর বিধি-নিষেধ কার্যকরের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক। সে সময় কঠোর বিধি-নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাহিরে ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ জনকে মোট চার হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, “সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ২৪ ধারা অনুযায়ী পৃথক ২২টি মামলায় ২২ জনকে মোট চার হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ঘরের বাহিরে থাকা দুস্থ রিকশা চালক, চা বিক্রেতা ও ভিক্ষুকদের কঠোর বিধি-নিষেধ মেনে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয় এবং তাঁদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।