গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায়। এ সময়ে ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।
শুক্রবার (৯ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৪ জুলাই ২১৯ জন এবং ৭ জুলাই ২২০ জন শনাক্ত হয়েছিল। আর তা ছিল সে সময়ে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ২৩৪ জন শনাক্তের ফলে নতুন রেকর্ড হলো।
এই ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ৩১ দশমিক ৭০ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ’’গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সর্বোচ্চ ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২৩৪ জন। এ সময়ে মৃত্যু হয় আরও ৫ জনের।’’
’’এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৪ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৭৯৬ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৪৫ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১২৮ জন, শ্রীপুরে ৬১ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৮ জন এবং কালীগঞ্জে ৮ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৮৫২ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৫৮৫ জন, কালিয়াকৈরে ১ হাজার ৫১৮ জন, কালীগঞ্জে ৯৩৬ জন এবং কাপাসিয়ায় ৯০৫ জন।”